পেনশন জট কমাতে অর্থ বিভাগের নতুন উদ্যোগ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত, সমন্বিত ও হয়রানিমুক্ত করতে অর্থ বিভাগে একজন কল্যাণ কর্মকর্তা (ওয়েলফেয়ার অফিসার) মনোনয়ন দেওয়া হয়েছে। পেনশন-সংক্রান্ত সব কার্যক্রমে সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। গত ২ জুলাই উপসচিব মো. জহিরুল হক এ আদেশে সই করেন।

অফিস আদেশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর ২.০১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী, অবসরগমনকারী সরকারি কর্মচারীদের পেনশন মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তার জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর ও দফতরে পেনশন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখায় দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পেনশন সহজীকরণ আদেশ অনুযায়ী, কল্যাণ কর্মকর্তা পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করবেন। এছাড়া ২০১৬ সালে অর্থ বিভাগের জারি করা পরিপত্রে নির্ধারিত দায়িত্ব ও কর্তব্যও তাকে পালন করতে হবে।

পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর অবসরের অন্তত এক বছর আগে তাকে এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসকে অবহিত করা, চাকরির তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও যাচাই, অডিট আপত্তি বা বিভাগীয় মামলা থাকলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া কল্যাণ কর্মকর্তার দায়িত্বের মধ্যে রয়েছে।

এছাড়া পেনশন, আনুতোষিক, ছুটি নগদায়ন এবং সাধারণ ভবিষ্য তহবিলের (জিপিএফ) চূড়ান্ত অর্থ উত্তোলনের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াকরণ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং মৃত কর্মচারীর পরিবারের পেনশন-সংক্রান্ত কার্যক্রমে সহায়তা করা এবং পেনশন নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত তদারকি করবেন তিনি।

একইসঙ্গে পেনশন, আনুতোষিক ও ছুটি নগদায়নের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) জারি ও সংশ্লিষ্ট অর্থপ্রাপ্তি নিশ্চিত করাও কল্যাণ কর্মকর্তার অন্যতম দায়িত্ব।

অর্থ বিভাগের জারি করা অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, অনুবিভাগ প্রধান, যুগ্মসচিব, উপসচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা, আইসিটি অধিশাখাসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।