বেবিচকের পরামর্শক নিয়োগে যোগ্যতার শর্ত বাদ! 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস (এফএসআর) বিভাগের পরামর্শক (লিগ্যাল-রেগুলেশনস অ্যান্ড এনফোর্সমেন্ট) পদে নিয়োগের আগে একাধিকবার টার্মস অব রেফারেন্স (টর) বদলানোর অভিযোগ উঠেছে। বাদ দেওয়া হয়েছে অ্যাভিয়েশন আইন বিষয়ে বিশেষায়িত শিক্ষাগত যোগ্যতা এবং আদালতে ন্যূনতম দুই বছরের আইন পেশায় সক্রিয় অভিজ্ঞতার শর্ত।

সংশ্লিষ্টদের অভিযোগ, নির্দিষ্ট একজন প্রার্থীর জন্যই এসব শর্ত শিথিল করা হয়েছে।

যদিও বেবিচক বলছে, কোনও ব্যক্তিকে সুবিধা দিতে শর্ত পরিবর্তনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বেবিচক ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস (এফএসআর) বিভাগের পরামর্শক (লিগ্যাল-রেগুলেশনস অ্যান্ড এনফোর্সমেন্ট) পদে নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে, নিয়োগ বিজ্ঞপ্তি চূড়ান্ত হওয়ার আগেই একাধিকবার টার্মস অব রেফারেন্স সংশোধন করে গুরুত্বপূর্ণ যোগ্যতার শর্ত বাদ দেওয়া হয়েছে। এসব পরিবর্তনের পেছনে কোনও লিখিত ব্যাখ্যা বা যৌক্তিকতা নথিতে উল্লেখ নেই।

জানা গেছে, মৌলিক যোগ্যতার একাধিক শর্ত পরিবর্তন করা হয়েছে। প্রথম টরে আবেদনকারীর বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হওয়ার পাশাপাশি আদালতে ন্যূনতম দুই বছর সক্রিয়ভাবে আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল। কিন্তু পরবর্তী টরে রহস্যজনকভাবে ন্যূনতম দুই বছর শর্তটি বাদ দেওয়া হয়। ফলে বার কাউন্সিলের সনদ থাকলেও আদালতে দুই বছরের অভিজ্ঞতা না থাকা আইনজীবীরাও আবেদন করতে পারবেন।

শুধু অভিজ্ঞতার শর্তই নয়, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। প্রথম খসড়ায় অ্যাভিয়েশন আইন বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়ার কথা ছিল। পরে সেই শর্ত পুরোপুরি বাদ দেওয়া হয়। এর পরিবর্তে শুধু এভিয়েশন খাতে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার হিসেবে যুক্ত করা হয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, এ দুটি যোগ্যতা এক নয়। কোনও এভিয়েশন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলেই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল আইন, শিকাগো কনভেনশন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) মানদণ্ড বা নিরাপত্তা তদারকি-সংক্রান্ত আইনি বিষয়ে বিশেষজ্ঞ হওয়া যায় না। এ ধরনের দায়িত্ব পালনের জন্য অ্যাভিয়েশন আইন বিষয়ে বিশেষায়িত জ্ঞান অপরিহার্য।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এফএসআর বিভাগই আইকাওর মানদণ্ড লাইসেন্সিং, বিধিমালা, আইন প্রয়োগ ও নিয়ন্ত্রক প্রতিপালনের কেন্দ্রীয় ইউনিট। এমন একটি পদে যোগ্যতার মান শিথিল করা হলে ভবিষ্যতে আইকাওর অডিটে গুরুতর প্রশ্ন উঠতে পারে।

তিনি বলেন, অ্যাভিয়েশন আইন বিশেষজ্ঞের পরিবর্তে শুধু এভিয়েশন খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন কাউকে অগ্রাধিকার দেওয়া অনেকটা হার্ট সার্জনের জায়গায় প্যারামেডিক্যাল অভিজ্ঞতাসম্পন্ন কাউকে নিয়োগের মতো। এতে বাংলাদেশের নিরাপত্তা তদারকি, নিয়ন্ত্রক সক্ষমতা ও আইনি কাঠামোর মূল্যায়নে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দেখা যায়, টরে আনা পরিবর্তনের কারণ, অনুমোদন বা প্রয়োজনীয়তার কোনও ব্যাখ্যা নেই। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নির্দিষ্ট একজন প্রার্থীর নিয়োগের পথ সহজ করতেই এসব পরিবর্তন করা হয়েছে। তাদের ভাষ্য, ওই প্রার্থীর নাম শুভ্র দে। তিনি এর আগে বেবিচকে চুক্তিভিত্তিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জেনারেল সেলস এজেন্টদের (জিএসএ) কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন অভিযোগ ওঠায় তার চুক্তির মেয়াদ আর নবায়ন করা হয়নি। এবার তাকে পুনরায় নিয়োগ দিতেই টরের গুরুত্বপূর্ণ শর্তগুলো পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বেবিচক সূত্রের দাবি, সংশ্লিষ্ট প্রার্থীর আদালতে ন্যূনতম দুই বছরের সক্রিয় আইন পেশার অভিজ্ঞতা নেই। একই সঙ্গে অ্যাভিয়েশন আইন বিষয়ে বিশেষায়িত শিক্ষাগত যোগ্যতাও নেই। সে কারণেই দুটি শর্তই টর থেকে বাদ দেওয়া হয়েছে। বেবিচকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যার জন্য নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে, তার যোগ্যতার সঙ্গে মিলিয়ে শর্ত পরিবর্তন করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, বেবিচকের সাংগঠনিক কাঠামো অনুযায়ী পরামর্শক (লিগ্যাল–রেগুলেশনস অ্যান্ড এনফোর্সমেন্ট) পদটি স্থায়ী। দীর্ঘদিন পদটি শূন্য থাকলেও নিয়মিত নিয়োগ না দিয়ে চুক্তিভিত্তিক পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, স্থায়ী নিয়োগ প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত প্রার্থীকে নিয়োগ দেওয়া কঠিন হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগের পথ বেছে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের পরিবর্তন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। আইকাওর ‘সেফটি ওভারসাইট ম্যানুয়াল’ (ডক ৯৭৩৪)-এর গুরুত্বপূর্ণ উপাদান সিই-৪ অনুযায়ী, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী পদে সর্বোচ্চ পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিশ্চিত করতে হয়। একইভাবে আইকাওর অ্যানেক্স-১৯-এও নিরাপত্তা ও আইনি সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট পদে বিশেষায়িত দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান বলেন, এফএসআর বিভাগ থেকে প্রস্তাব এসেছে। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ ও প্রয়োজন বিবেচনায় টরের পরিবর্তন করা হয়েছে। তবে কোনও ব্যক্তিকে সুবিধা দিতে শর্ত পরিবর্তনের ঘটনা ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি। সবকিছু বিধি অনুযায়ী সম্পন্ন হবে।