সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনার পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “এই বিষয়ে তার কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। আমিও গণমাধ্যমে এই আলোচনা দেখছি। এর বেশি কিছু জানি না।”
তবে প্রধানমন্ত্রী কোনও মন্ত্রী বা উপদেষ্টার কাজ সন্তোষজনক মনে না করলে দায়িত্ব পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড, প্রশাসনিক সংস্কার, বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুমের অভিযোগ, মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ, মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার যদি মনে হয়, কেউ ভালোভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে দফতর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। জনগণের কল্যাণ নিশ্চিত করতে কোনও সিদ্ধান্ত আরও ভালো করার সুযোগ থাকলে তিনি নিশ্চয়ই তা করবেন। তবে প্রতি ১৮০ দিন পর এমন পরিবর্তন হবে— এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।”