ফরেন কারেন্সি ট্রেডিং নিয়ে খুব দ্রুত নতুন নীতিমালা তৈরির কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে আগের ব্রিফিংয়ের দুটি অমীমাংসিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফরেন কারেন্সি ট্রেডিং নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘এ মুহূর্তে দ্রুত কোনও নীতিমালা তৈরির পরিকল্পনা নেই। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’
অপরদিকে, ভোজ্যতেলে ভিটামিন-ডি সমৃদ্ধকরণের বিষয়ে সরকার ইতিবাচক বলে জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, ভিটামিন-ডি সমৃদ্ধকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্টরা বিষয়টি জানেন। আমি ব্যক্তিগতভাবেও এটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করে বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এ বিষয়ে সরকারের সদিচ্ছা আছে।









