বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা– হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এ সফর চূড়ান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন; তা এখন পর্যন্ত চূড়ান্ত।’ তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন নির্মাণ করা বাড়িও হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে এসব উপজেলায় স্থানীয় প্রশাসন বন্যায় গৃহহারা পরিবারগুলোকে নতুন করে বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে বলে জানা গেছে। সেসব বাড়ি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন। একইসঙ্গে সংক্ষিপ্ত সমাবেশ ও সেখানে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এ সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রামের প্রশাসন। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।