প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা উন্নয়নের ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।
এ ছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাতে মালয়েশিয়ার হাইকমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রশংসা করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা আরও বাড়লে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।