রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: তথ্য উপদেষ্টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ এখনও উল্লেখযোগ্য কোনও অগ্রগতি অর্জন করতে পারেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সরকার সমস্যাটিকে দীর্ঘমেয়াদি হিসেবে বিবেচনা করে সমাধানের জন্য কাজ করছে বলে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মালয়েশিয়া মিয়ানমারের নাগরিকদের স্বেচ্ছা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার প্রত্যাবাসন কেন শুরু করা যাচ্ছে না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ধরেই এ বিষয়ে আশাব্যঞ্জক কোনও অগ্রগতি হয়নি।” 

তিনি বলেন, “২০১৭ সালের সংকটের শুরুতে বিষয়টিকে আরও শক্তভাবে আন্তর্জাতিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠার সুযোগ ছিল।” 

জাহেদ উর রহমান বলেন, তখন সারা বিশ্বের মনোযোগ রোহিঙ্গা সংকটের দিকে ছিল। কিন্তু তৎকালীন সরকার সমস্যাটিকে দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে সমাধানের ওপর বেশি জোর দেওয়ায় পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তিনি মনে করেন। 

অন্তর্বর্তী সরকারের সময়ও প্রত্যাবাসন নিয়ে আশাব্যঞ্জক বক্তব্য দেওয়া হলেও কার্যকর অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান অবস্থার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, “আমি এই মুহূর্তে খুব সিগনিফিক্যান্ট কোনও উন্নতি হয়ে গেছে— এটা বলতে পারছি না। সেটা এখনও হয়নি।” 

তিনি বলেন, “বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়া বাংলাদেশের ওপর অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাসংক্রান্ত চাপ তৈরি করছে।” 

সরকার সমস্যার কোনও ‘পপুলিস্ট’ বা তাৎক্ষণিক সমাধানের কথা না বলে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কাজ করতে চায় বলে জানান তিনি।