দেশে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের মজুত পর্যাপ্ত রয়েছে এবং সার নিয়ে কোনও ‘মজুতজনিত সংকট’ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে কৃষি মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে চার ধরনের সার মিলিয়ে প্রায় ১২ দশমিক ২৯৪ লাখ মেট্রিক টন মজুত রয়েছে। এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় বেশি।
এছাড়া সরকারের হাতে বর্তমানে থাকা সার এবং আমদানির পাইপলাইনে থাকা পরিমাণ মিলিয়ে আগামী সময়ের মোট চাহিদা পূরণের মতো সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।
তবে দেশের কয়েকটি স্থানে সার নিয়ে যে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলোকে মজুতের সমস্যা নয় বরং ‘বিতরণগত সংকট’ হিসেবে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, কোথাও কোথাও সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় সমস্যা থাকতে পারে, কিন্তু জাতীয় পর্যায়ে সারের ঘাটতি নেই।