যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন

বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও প্রায় ৪৩টি পণ্যবাহী ট্রেন চালু রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

টেবিলে উত্থাপিত প্রশ্নে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ জানতে চান, বর্তমানে ভারতের সঙ্গে কোনো ট্রেন চলাচল করছে কি না; করলে, এর সংখ্যা কত এবং নতুন ট্রেন চালু করা হবে কি না।

জবাবে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল করছে। রহনপুর, দর্শনা ও বেনাপোল ইন্টারচেঞ্জ স্টেশন দিয়ে পণ্যবাহী ভারতীয় গুডস ট্রেন গ্রহণ ও খালি র‌্যাক পাঠানো হচ্ছে। প্রতি মাসে গড়ে প্রায় ৪৩টি পণ্যবাহী ট্রেন গ্রহণ ও ৪২টি খালি র‌্যাক পাঠানো হচ্ছে। বর্তমানে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করছে না। যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, রাজশাহী-কলকাতা-রাজশাহী রুটে একটি যাত্রীবাহী ট্রেন পরিচালনার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের বহরে মিটারগেজ ইঞ্জিন ও কোচের স্বল্পতা রয়েছে। ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক মিটারগেজ ইঞ্জিন ও কোচ প্রাপ্তিসাপেক্ষে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে মধ্যমেয়াদে এক জোড়া এবং দীর্ঘমেয়াদে আরও এক জোড়াসহ মোট দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা-জয়দেবপুর সেকশনের রেলস্টেশনগুলো বিভিন্ন সময়ে আধুনিকায়ন করা হয়েছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী সেকশনের স্টেশনগুলো ‘জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ (প্রকৌশল সেবা) সংক্রান্ত কারিগরি সহায়তা প্রকল্প’-এর মাধ্যমে আধুনিকায়ন করা হবে।

‘বগুড়া হতে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প’-এর মাধ্যমে সফাদারপুর, বগুড়া ও কাহালু—এই তিনটি স্টেশন রিমডেলিংসহ নতুন আরও আটটি স্টেশন নির্মাণ করা হবে। তাছাড়া বগুড়া থেকে কুড়িগ্রাম পর্যন্ত বিদ্যমান রেলস্টেশনগুলো বাজেট প্রাপ্তিসাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।