বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, এ চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য আরেকটি ‘উইন-উইন’ অর্জন এবং এতে দুই দেশই লাভবান হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই।’

নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।’

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও চারটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ কেনার কথা রয়েছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠকেও বোয়িংয়ের উড়োজাহাজ কেনা এবং বাংলাদেশের বিমান চলাচল খাত সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত।