বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার-সংক্রান্ত চুক্তি সই

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি সই হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তি সই হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে সই করেন। চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও জোরদার হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে সহযোগিতার যে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান সমঝোতা স্মারককে তারই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।