স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মিচেল লি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি সহায়তায় সিঙ্গাপুরের আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যের পরিধি ক্রমেই বাড়ছে। এ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশে শিগগিরই পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সিঙ্গাপুর মিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশ উপস্থিত ছিলেন।