প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়াল করতে দেশে ভিন্ন একটি ঘটনা সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশের সুনাম অর্জন করে ফিরছেন, তখন এমন একটি ঘটনা ঘটানো হয়েছে, যার কারণে সফরের সাফল্য নিয়ে আলোচনা আড়ালে পড়ে গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন কর্মসূচি, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং সফরের সার্বিক বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রুমন বলেন, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা, এমনকি কোনও কোনও দিন রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার ভাষ্য, সফরে নির্ধারিত কর্মসূচির বাইরে ঘোরাফেরারও তেমন সুযোগ ছিল না।
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর সফরের সফলতা নিয়ে আলোচনা হবে, আপনারা টকশো করবেন। কিন্তু তখনই আরেকটি ঘটনা ঘটানো হলো। ফলে প্রধানমন্ত্রীর সফরের সফলতা নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, তা আড়ালে পড়ে গেল। সব জায়গায় একটি বিষয় নিয়েই আলোচনা হলো।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, গত ১৫ বছর একটি ‘ফ্যাসিস্ট সরকার’ দেশকে কুক্ষিগত করে রেখেছিল বলে তারা মনে করেন। সেই ‘ভুতুড়ে অন্ধকার’ থেকে দেশকে আলোর পথে নিতে প্রধানমন্ত্রী একটি মানবিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন।
তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছু কর্মকাণ্ডে অতীতের সরকারের পথ অনুসরণের প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রুমন বলেন, ‘পতিত স্বৈরাচারের পথে হাঁটছে আমাদের বিরোধী দল। পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই কথা বলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা।’
এ অবস্থায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি একটি উদাহরণ দেন। রুমন বলেন, সাঁতার কাটার সময় কারও হাত-পা বেঁধে দিলে তার পক্ষে নদী পার হওয়া সম্ভব নয়। একইভাবে সরকারকে হাত-পা বেঁধে দিয়ে কাজ করতে বললে কোনও সরকারই পরীক্ষায় পাস করতে পারবে না।
তিনি বলেন, ‘আমরা সহযোগিতা চাই। বারবার আপনাদের কাছে সহযোগিতার আহ্বান করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুন্দর ও সফল বাংলাদেশ গড়তে চান। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান ও মো. সুজাউদ্দৌল্লা উপস্থিত ছিলেন।