ত্রয়োদশ জাতীয় সংসদের ছয়টি স্থায়ী কমিটির জন্য জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ করেছে লাইব্রেরি কমিটির ৬ নম্বর সাবকমিটি। এসব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ এবং পরবর্তী সময়ে চুক্তি নবায়নের সুপারিশ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ গ্রন্থাগারে সাবকমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির আহ্বায়ক ডা. মো. মাহাবুবুর রহমান এবং সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন অংশ নেন।
সাবকমিটির সুপারিশ অনুযায়ী, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্থানীয় সরকার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত ছয়টি স্থায়ী কমিটিতে একজন করে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তিন জন সংসদ সদস্য, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব বা পরিচালক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন বহিরাগত বিশেষজ্ঞের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
বৈঠকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের নিজস্ব নিয়োগ পদ্ধতিতে এসব নিয়োগ সম্পন্ন করা যায় কিনা, তা নিয়েও আলোচনা করেন সাবকমিটির সদস্যরা।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।