সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে ভূমি রেজিস্ট্রেশন-সংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা এবং প্রচলিত ভূমি প্রশাসন ব্যবস্থাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের সুপারিশ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে বৈঠকে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ কমিটির সদস্যরা অংশ নেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে ভূমি মন্ত্রণালয়।
বৈঠকে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নামজারি প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার সুপারিশ করা হয়। এছাড়া সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে ভূমি রেজিস্ট্রেশন-সংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব করা হয়।
অর্পিত সম্পত্তির অবৈধ দখলদারদের চিহ্নিত করতে জেলাভিত্তিক অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজামূল্য নির্ধারণের সুপারিশ করেছে কমিটি। দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে।
একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং ব্যবস্থায় তথ্যের সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির সুপারিশ করা হয়।
উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের পাশাপাশি স্থাবর সম্পত্তি হস্তান্তরের মূল্য বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশ করেছে কমিটি। জমি হস্তান্তরসংক্রান্ত বিভিন্ন ফি এবং গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
ভূমির মালিকানা নিয়ে সামাজিক সংঘাত কমানো, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে প্রচলিত ভূমি প্রশাসন ব্যবস্থাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের সুপারিশ করা হয়েছে।
এছাড়া ‘বাংলাদেশ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ একাডেমি স্থাপন’ প্রকল্পের আওতায় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য আধুনিক ও স্থায়ী একাডেমি প্রতিষ্ঠায় খাসজমি নির্বাচনের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।
মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিটি।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।