ধীরে ধীরে দেশে কোনও মব থাকতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ধীরে ধীরে মবের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টি ঘটনাও যাতে আর না ঘটে, সে জন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ‘এই ১৬টাও আমরা যাতে না হয়, সে জন্য চূড়ান্ত ব্যবস্থা নেবো। ধীরে ধীরে দেশে কোনও মব থাকতে পারবে না।’

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যের জবাবে তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি রাজনৈতিকভাবে তাদের ওপর জুলুম-নির্যাতনকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-জুলুমের জন্য অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি। একই বছরের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুন শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি। তার বর্ণনা অনুযায়ী, ওই ঘটনায় ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে আরও দুজনসহ মোট ১১ জন নিহত হন। এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দি ইউটিউবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগ নেত্রী অডিও-ভিডিও কলে দলের নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি ও তাদের ঘরবাড়ি ভাঙার নির্দেশ দিচ্ছেন। এ ছাড়া দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করে এ প্রসঙ্গে জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন তিনি।

মানবাধিকার মেনে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না সরকার। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবোও না। তবে প্রয়োজনে আই রিপিট, প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

বিগত সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার বাস্তবায়নে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জেলায় জেলায় তদন্ত শুরু করবে বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব চক্রান্ত নস্যাৎ করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং একজন সৈনিকের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তিনি। কক্সবাজারে মানব পাচারবিরোধী অভিযানে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছিল জানিয়ে বলেন, অবৈধ অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ ওই সৈনিক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে চলমান যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্টকে পুঁজি করে পতিত শক্তি ও তাদের দেশীয় দোসররা শ্রমিকদের বিক্ষুব্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা মোকাবিলায় সরকার শ্রমিক-মালিকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে বলে জানান তিনি। বোর্ডের বৈঠক চলছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। তবে সীমান্তের ওপার থেকে অর্থ বিনিয়োগ করে একটি মহল মজুরি বোর্ড গঠনের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ কর্মকাণ্ডে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সংসদীয় রীতির কথা উল্লেখ করে কোনও দল বা ব্যক্তির নাম বলেননি।

এ ছাড়া সারা দেশে মাদক কারবারিদের তালিকা তৈরি করে গ্রেফতারে অভিযান চালানোর কথা জানান তিনি। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক করে আবার পালিয়ে যাওয়া রঞ্জিত সরকার নামে এক ব্যক্তির প্রসঙ্গ তুলে বলেন, এ ঘটনায় করা মামলায় ২০ জনের নাম এবং অজ্ঞাতনামা ১৭৫ জনকে আসামি করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে যৌথ অভিযান চলছে।

খুন কমেছে ২৮৭টি, সীমান্তে নিহত ১০ জন কম

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। ২০২৬ সালের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ খুন কমেছে ২৮৭টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমেছে ১২৫টি। চুরি, ডাকাতি ও দস্যুতার ঘটনাও উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানান তিনি।

সীমান্ত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুশইনের শিকার হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ২ হাজার ৪৮২ জন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ৩৭ জন। এ ছাড়া বিএসএফের ১৯৪টি ঘটনায় ১ হাজার ৩৫১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ জন বাংলাদেশি নিহত হয়েছিলেন। ২০২৬ সালের একই সময়ে নিহত হয়েছেন ১২ জন। অর্থাৎ সীমান্তে নিহতের সংখ্যা কমেছে ১০ জন। বিজিবির অস্ত্র উদ্ধারের সংখ্যাও ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বরের ৮১টি থেকে বেড়ে ২০২৬ সালের একই সময়ে ১২৯টিতে দাঁড়িয়েছে। গোলাবারুদ, ডেটোনেটর, ককটেল ও মাইন উদ্ধারের সংখ্যাও বেড়েছে বলে জানান তিনি।

সরকার দায়িত্ব নেওয়ার পর গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা ও মহানগর এলাকায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, কিশোর গ্যাং ও মব সহিংসতা নির্মূলে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ ছাড়া ২০২৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানবপাচার, সন্ত্রাসবিরোধী, জুয়া প্রতিরোধ ও গুম প্রতিরোধ-প্রতিকারসহ বিভিন্ন আইন প্রণয়ন ও সংশোধনের কথা সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।