সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তনের প্রস্তাব

সরকারি ক্রয় কার্যক্রমে দরপত্রে অংশগ্রহণের যোগ্যতা বাড়ানো, সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার সম্প্রসারণ, দেশীয় পণ্যকে অগ্রাধিকার এবং দরপত্র মূল্যায়নে কারিগরি মান ও টেকসই বৈশিষ্ট্য বিবেচনার প্রস্তাব করা হয়েছে। এসব বিধান যুক্ত করে প্রণীত ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ বিলটি জাতীয় সংসদে উত্থাপনের পর সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে বিলটি উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সোমবার (৯ নভেম্বর) সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ উত্থাপন করা হয়।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফার ক্ষমতাবলে সংসদের অধিবেশন না থাকা অবস্থায় গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাদেশটি জারি করেন।

অধ্যাদেশে সরকারি ক্রয় কার্যক্রমে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এতে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং সুযোগবঞ্চিত দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ক্রয়কারী প্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে না। যেমন—দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন বা আগে সরকারি কাজ করার অভিজ্ঞতা। তবে ক্রয়ের ধরন ও জটিলতার কারণে প্রয়োজন হলে এসব শর্ত দেওয়া যাবে।

স্থানীয় শিল্প ও কর্মসংস্থান উৎসাহিত করতে সরকার দেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে। নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলক করারও সুযোগ রাখা হয়েছে।

বিদেশি দরদাতাদের সাধারণত বাংলাদেশি অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে অংশ নিতে হবে। এ ক্ষেত্রে বিধিমালায় নির্ধারিত ন্যূনতম দেশীয় অংশীদারত্ব থাকতে হবে। তবে বিশেষ কিছু ক্রয়ের ক্ষেত্রে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে কেবল কারিগরিভাবে যোগ্য দরদাতাদের আর্থিক প্রস্তাব খোলা হবে। বিধিমালায় নির্ধারিত সীমার বেশি মূল্যের ক্রয়ে দামের পাশাপাশি কারিগরি মান ও টেকসই বৈশিষ্ট্য বিবেচনায় দর মূল্যায়ন করা হবে। অস্বাভাবিক কম দর আলাদাভাবে যাচাই করা হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্র ও জনস্বার্থে সরকারি তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীনতা, সমআচরণ, দক্ষতা, অবাধ প্রতিযোগিতা ও দেশীয় স্বার্থ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনার আইনি কাঠামো হিসেবে ২০০৬ সালের ৬ জুলাই পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সাল পর্যন্ত আইনটি মোট ছয় দফা সংশোধন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় বিদ্যমান সব বৈষম্য দূর করা এবং সবার জন্য প্রতিযোগিতামূলক অংশগ্রহণ ও সমঅধিকার নিশ্চিত করতে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণে বিদ্যমান আইনে নতুন বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফা অনুসরণে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।

অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা ও জনমত যাচাইয়ের মাধ্যমে মতামত গ্রহণ করা হয়। পরে প্রয়োজনীয় পরিমার্জন ও পুনর্গঠনের মাধ্যমে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং দেশীয় শিল্পের অগ্রাধিকার রক্ষার মাধ্যমে রাষ্ট্র ও জনসাধারণের স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে আশা করা হয়েছে।