ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নদীর তীর সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, নতুন নৌরুট চালু, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাট উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে নদীদূষণের উৎস হিসেবে ৪২৬টি স্থান চিহ্নিত করে সেখান থেকে বর্জ্য নদীতে প্রবেশ বন্ধে কাজ চলছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে এসব তথ্য জানান নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’
নদীদূষণের চিত্র তুলে ধরে তিনি জানান, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। দূষণের এসব উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধ করতে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে এসব কার্যক্রম চলমান রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, নদীর দুই তীর সংরক্ষণের পাশাপাশি মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু স্থানে ওয়াকওয়ের সংযোগ অসম্পূর্ণ রয়েছে। এসব ‘মিসিং লিংক’ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নদীর তীরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ সহজ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব অবকাঠামো নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখছে। যেসব এলাকায় ওয়াকওয়ে নির্মাণ এখনও বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ঢাকার চারপাশে নৌযোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার নদীকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায়। এ জন্য নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ প্রত্যাশিত সাফল্য পায়নি বলে স্বীকার করেন নৌপরিবহনমন্ত্রী। তিনি বলেন, এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব। তবে এবার এসব প্রতিবন্ধকতা দূর করতে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাট উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, চলমান কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এতে নগরবাসীর এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রম সম্প্রসারিত হবে।
নদী ও পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে শেখ রবিউল আলম বলেন, মানুষকে নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামসহ মন্ত্রণালয় ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।