নিবন্ধন অধিদফতরের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে দেশের অন্যতম আস্থাশীল ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্য অর্জনে নিবন্ধন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দায়িত্বশীলতা, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়েছেন মন্ত্রী।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের জাতীয় বাজেটে নিবন্ধন অধিদফতরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটিকে দ্বিতীয় বৃহত্তম একক রাজস্ব খাত হিসেবে উল্লেখ করা হয়। অথচ সেই অবদানের তুলনায় অধিদফতরটি অবহেলিত। এ অবস্থার উত্তরণ প্রয়োজন। অধিদফতরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তার পক্ষ থেকে কোনও সীমাবদ্ধতা থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
নিবন্ধন অধিদফতর সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কোনও কোনও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মানুষকে হয়রানির শিকার হতে হয়। এ ধরনের ঘটনা পুরো অধিদফতরের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব। কোনও কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা অযোগ্যতা বা দুর্নীতির কারণে মানুষ ভোগান্তির শিকার হলে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।
দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন অধিদফতরকে হয়রানিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি ও প্রণোদনার ব্যবস্থা করা হবে। তবে কোনও কর্মকর্তার বিরুদ্ধে জনহয়রানির অভিযোগ বা তথ্য পাওয়া গেলে সেখানে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
লটারির মাধ্যমে বদলি কার্যক্রম আরও সম্প্রসারণের কথা জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে। এর মাধ্যমে বিভাগের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, সরকারি কর্মকর্তা হিসেবে তাদের দায়িত্ব হলো প্রজাতন্ত্রের প্রতি অগাধ আস্থা এবং আইনের প্রতি অবিচল বিশ্বাস রেখে দায়িত্ব পালন করা। কোনও কর্মকর্তা সরকারি পদ ব্যবহার করে নিজ এলাকায় রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা বা চাঁদাবাজিতে যুক্ত হলে সরকার তা মেনে নেবে না।
আইনমন্ত্রী বলেন, নিবন্ধন অধিদফতরের কোনও আইন বা বিধি সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে পারেন। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে জনকল্যাণমূলক মনে হলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ অধিদফতরের উন্নয়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা একসঙ্গে কাজ করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেমুল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহসহ সংগঠনের নেতা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।