হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ২০:০৩ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০:০৩

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় ১ হাজার ৮৮৩টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এসব মামলার মধ্যে ৮০৫টি হত্যা মামলা এবং ১ হাজার ৭৮টি অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, এসব মামলার মধ্যে ২৯৩টির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযোগপত্র দাখিল করা মামলার মধ্যে হত্যা মামলা ৯৮টি এবং অন্যান্য মামলা ১১৫টি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থল-সংক্রান্ত কারণে সঠিক থানায় মামলা দায়ের না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদীর একাধিক মামলা দায়েরের কারণে ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত চলছে।

আইনমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করছে। প্রতিটি মামলার তদন্তে প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়।

এসব মামলা যথাযথভাবে পরিচালনা ও দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরদের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ-সংক্রান্ত অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭৯টি মামলা দায়ের হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এর মধ্যে আটটি মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। এসব রায়ে মোট ৭৩ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দায়ের করা মামলাগুলোর মধ্যে বর্তমানে ২৬টি বিচারাধীন এবং ৪৫টি তদন্তাধীন রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ন্যায়বিচার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা নিরীহ মানুষকে হত্যা, গুম ও নির্যাতন করেছে এবং পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
কাজ শুরু হয় না, শুরু হলে ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব, আবার অসম্ভব—একই ব্যক্তির দুই রকম বক্তব্য: শফিকুর রহমান
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম
শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার
শাহজাহানপুরে বিএনপির কার্যালয়ের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার
ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক
ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’