মহান বিজয় দিবস উদযাপন ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি জোরদার এবং জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়।
সভায় সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থাকার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।
বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভারগামী প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবল ও অগ্নিনির্বাপণ গাড়ি প্রস্তুত রাখবে ফায়ার সার্ভিস।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।