নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে তদন্ত শেষ হওয়ার আগেই ‘শর্ট সার্কিট’ এবং বাড়িটিকে ‘পরিত্যক্ত’ বলায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। দায়িত্বশীল ব্যক্তিদের আগাম বক্তব্য তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তদন্ত প্রভাবিত করার কোনও উদ্দেশ্য তার ছিল না। ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত মন্তব্যও করেননি। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সোমবার (১৬ নভেম্বর) জমা দেওয়ার কথা রয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুম এসব কথা বলেন। পরে তাঁর বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নিজ বাড়িতে আগুন দেওয়ার ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত বলেন, সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মতো করে আকাশ লাল হয়ে উঠতে এবং একই সময়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুরা ঘর থেকে বেরিয়ে আসেন। কেউ কেউ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। ফুটেজে দেয়ালের লাইট জ্বলতেও দেখা গেছে।
নুসরাত বলেন, এসব দৃশ্য গণমাধ্যম ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছেও রয়েছে। এরপরও সংসদে দাঁড়িয়ে আগুনের কারণ হিসেবে শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে। বাড়িটিকে পরিত্যক্ত বলেও উল্লেখ করা হয়েছে। অথচ বাড়িটি পরিত্যক্ত ছিল না। আর পরিত্যক্ত হলেও সেখানে আগুন দেওয়ার বৈধতা তৈরি হয় না।
তদন্ত শেষ হওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের মন্তব্য করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের বক্তব্যের প্রভাব তদন্তের ওপর পড়তে পারে। অধস্তন কর্মকর্তারা ঊর্ধ্বতনদের বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রতিবেদন তৈরি করলে প্রকৃত অপরাধীরা দায়মুক্তি পেয়ে যেতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার এবং তাকে হুমকি দেওয়ার বিষয়টিও সংসদে তুলে ধরেন নুসরাত। তিনি বলেন, তাকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘লাশ রাতে নিয়ে যাওয়া হবে’। এ ধরনের হুমকির পরও ঘটনাটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
তিনি আরও বলেন, দিনের বেলায় ককটেল হামলার ঘটনাকে রাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। ঘটনার প্রকৃত সময় ও পরিস্থিতি আড়াল করার এমন প্রবণতা গ্রহণযোগ্য নয়।
এ সময় স্পিকার তাকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকার আহ্বান জানালে নুসরাত বলেন, একই ধরনের পরিস্থিতি গোপালগঞ্জেও দেখা গেছে। সেখানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে উল্লাস প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নুসরাত বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিরা এখন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। দেশে ভিন্নমত ও রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হুমকি, হামলা কিংবা অগ্নিসংযোগের শিকার হতে হলে তার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নুসরাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ নভেম্বর সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি এ বিষয়ে তথ্যবহুল বক্তব্য দিয়েছিলেন। তবে ঘটনার দিন তিনি পেট্রোল বোমা ব্যবহার বা বাড়ি থেকে কেউ বের হতে পারেননি—এমন কোনো চূড়ান্ত মন্তব্য করেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার দিন সকালেই তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালক রয়েছেন।
তিনি বলেন, তদন্ত কমিটি গঠনের পর এর অনুলিপি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছিল। শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয় কমিটিকে। রবিবার তদন্তের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে আগের বক্তব্যের ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন তিনি যা বলেছিলেন, তা ছিল প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট ব্যক্তিরা তখন ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত দেখতে পাননি। শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত বা কনক্লুসিভ মন্তব্য করেননি। তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব—সেটিও তিনি উল্লেখ করেছিলেন।
ভিডিও ফুটেজ ও বাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য। পাশাপাশি একটি গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কোনো মানুষ বের হননি—এমন কথা তিনি কখনো বলেননি। পরে তিনিও ভিডিও ফুটেজ দেখেছেন, যেখানে একজন নারীকে শিশুসন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা গেছে। এসব বিষয় তদন্তের অংশ।
ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে। টেলিফোনে হুমকির ঘটনায় কলাবাগান থানায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্ত করার বিষয়েও আইনানুগ প্রক্রিয়া চলছে।
তদন্ত প্রভাবিত করার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বা এই মহান সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার জন্য কোনো বক্তব্য দেন না। কোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ কিংবা কারও জানমালের ওপর হামলার ঘটনা অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত।
এসময় তিনি নুসরাতের বক্তব্যে ‘প্রভাবিত’ করতে পারে শব্দটি এক্সপাঞ্জ করার আহ্বান জানান।
এ সময় স্পিকার বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এটি অসংসদীয় বক্তব্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।