আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় সংসদ সচিবালয়

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিক ও যুগোপযোগী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহযোগিতা চেয়েছে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটি। এ লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে একটি আধুনিক জনবল কাঠামোর প্রাথমিক রূপরেখা তৈরি করে দিতে ইউএনডিপিকে অনুরোধ জানিয়েছে কমিটি।

সোমবার (১৬ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি শূন্যপদ পূরণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সরাসরি নিয়োগযোগ্য প্রথম শ্রেণির ১৫টি ও দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

সংসদ সচিবালয়ের নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার বিষয়েও সভায় আলোচনা হয়। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে দক্ষতাভিত্তিক, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বলা হয়, ভবিষ্যতের চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই ও দীর্ঘমেয়াদি জনবল কাঠামো প্রণয়ন করতে হবে। এ জন্য স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথাও বলা হয়।

সভায় কমিটির সদস্য হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও শাম্মী আক্তার অংশ নেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানও সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা সভায় অংশ নেন।