সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ তথ্য সংসদকে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করেন তিনি। ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) এর আগে বিকাল সোয়া ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। 

ওসমান ফারুকের ব্যক্তিগত সূত্রে জানা গেছে, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে ‘শারীরিক অসুস্থতার’ কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

সংসদের বৈঠকে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকায় ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র প্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে উল্লেখ করে স্পিকার আরও বলেন, ‘সেই অনুযায়ী, ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’