দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন একাধিক কর্মসূচিতে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী তিনি বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন সরকারপ্রধান।
পরে দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাঁকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
কর্মসূচি শেষে বিকাল সোয়া ৪টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।