ইংলিশ মিডিয়াম স্কুলের ৭০ শতাংশের নিবন্ধন-অনুমোদন নেই: শিক্ষামন্ত্রী

দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনায় সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পরিচালিত হয়ে আসছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে কঠোর বা কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পরিচালিত হতো। শিক্ষা খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে এবং এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে সরকার কাজ করছে।

তিনি জানান, বিদেশি কারিকুলাম বা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন স্কুলগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়াও চলছে।