ঢাকায় মনোরেল চালুর চিন্তা করছে সরকার, দুই মাসে সচল হবে ৫০ পয়েন্টের এআই সিগন্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৯:৫০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:৫০

রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এআই ট্রাফিক ব্যবস্থা চালুর বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরাসম্পন্ন নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানোর কাজ চলছে।

তিনি বলেন, নগরবাসী ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনও পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে আগামী দুই মাসের মধ্যে এসব এআই সিগন্যাল সচল হবে বলে সরকার আশা করছে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং যানজট অনেকটা কমে আসবে।

বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, পৃথিবীর যেকোনও বড় রাজধানীতে সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। বাংলাদেশেও তা পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এ ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে কাজ করছে।

যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মনোরেলের বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও এ পরিবহন চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের সড়কেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে নগরবাসীর দৈনন্দিন যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা যুক্ত হবে।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতিবছর ৩৭ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। এর প্রধান কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর ফলে আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমেছে। এ অবস্থায় ঢাকার সব প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চান তিনি।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ইংলিশ মিডিয়াম স্কুলের ৭০ শতাংশের নিবন্ধন-অনুমোদন নেই: শিক্ষামন্ত্রী
‘ভাই আগে বলে নিই তারপর তালি দেন’, সংসদে প্রধানমন্ত্রীর হাস্যরস
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান শফিকুর রহমানের
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান শফিকুর রহমানের
আবারও ব্যাটিং ধস, কঠিন পরীক্ষায় বাংলাদেশ
আবারও ব্যাটিং ধস, কঠিন পরীক্ষায় বাংলাদেশ
দেশে চলমান সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত 
দেশে চলমান সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত 
ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসে সরকারের ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা
ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসে সরকারের ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী