পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

ওই সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছি। কারণ জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়।’

দিনেশ ত্রিবেদী বলেন, ‘জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা জানার আগ্রহ ছিল। আমার জন্য এটি ছিল শেখার একটি সুযোগও। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমাকে ডাকায় এবং সময় দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

বৈঠকের বিষয়ে বিস্তারিত প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্বের বিষয়টিই এ সাক্ষাতের মূল প্রেক্ষাপট ছিল।   

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। 

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুদেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। 

তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি। 

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।