নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিবাদী শক্তি, পলাতক স্বৈরাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, যেকোনো অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে ইতিবাচক সমন্বয় ও সহযোগিতা রয়েছে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে উভয় পক্ষের অবস্থান দৃঢ়। বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক সংসদীয় বক্তব্যেও এর প্রতিফলন দেখা গেছে।

তিনি বলেন, গণহত্যা, গুম, খুন, আয়নাঘর, মিথ্যা মামলা, হামলা এবং ভোটাধিকার হরণের সঙ্গে জড়িত শক্তি যেন নতুন করে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐক্য, সাহস ও চেতনা ধারণ করে দেশবিরোধী অপতৎপরতা এবং আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

নিতাই রায় চৌধুরী বলেন, এসব ষড়যন্ত্র কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে। তাই জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব অপপ্রচার মোকাবিলায় তথ্য যাচাই, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল প্রচারের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিহত করতে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ এবং পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন।

এ ছাড়া জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও জামিয়াতুল ইসলামের প্রতিনিধিরা, প্রেসক্লাবের সভাপতি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনজীবী সমিতির সভাপতি সভায় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে একই ধরনের মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।