আইসিজের রায়ের পর মিয়ানমার এখন কী করবে

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা সরকার। তবে রায় বাস্তবায়নে দেশটিকে কী ধরনের পদক্ষেপ নিতে হবে এবং তা না মানলে কী পরিণতি হতে পারে, তা নিয়ে এখন কূটনৈতিক মহলে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, রায় কার্যকরে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা। এ পরিস্থিতিতে গাম্বিয়াকে কূটনৈতিক ও আইনি পদক্ষেপের প্রস্তুতি নিতে হবে। একইসঙ্গে বাংলাদেশকেও কূটনৈতিকভাবে সক্রিয় হতে হবে।

গত ১৯ নভেম্বর দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে এবং ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীন প্রতিরোধের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে।

রায়ে মিয়ানমারকে গণহত্যায় সন্দেহভাজন ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অনুমতি দেওয়া ও সহায়তা করা, নষ্ট বা বেদখল হওয়া সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা সমমূল্যের সম্পত্তি দেওয়া এবং ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি জানিয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

জাতিসংঘ সনদ কী বলে

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, মামলার পক্ষ হিসেবে এই রায় মেনে চলতে মিয়ানমার আইনত বাধ্য। আইসিজের সংবিধির ৬০ অনুচ্ছেদ অনুযায়ী, রায়টি চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায়ের অর্থ বা পরিধি নিয়ে বিরোধ হলে ব্যাখ্যা চাওয়া এবং কঠোর শর্তে পুনর্বিবেচনার আবেদন করার ব্যবস্থা রয়েছে।

তবে প্রশ্ন উঠেছে, মিয়ানমার যদি রায় না মানে, তাহলে কে তা কার্যকর করবে? আইসিজের নিজস্ব কোনও পুলিশ বা বাস্তবায়নকারী বাহিনী নেই। ফলে বাস্তবে রায় মানা অনেকটাই সংশ্লিষ্ট রাষ্ট্রের ইচ্ছার ওপর নির্ভর করে। অতীতেও এমন নজির আছে। ১৯৮৪ সালে নিকারাগুয়ার পক্ষে দেওয়া রায় অমান্য করেছিল যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনও পক্ষ রায় না মানলে অপর পক্ষ নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে। এ ক্ষেত্রে মামলার বাদীপক্ষ গাম্বিয়াকে নিরাপত্তা পরিষদে যেতে হবে। পরিষদ চাইলে রায় কার্যকরের জন্য সুপারিশ করতে বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তবে এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় নয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নিরাপত্তা পরিষদে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভেটো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য পরিষদের অন্তত ৯ সদস্যের সমর্থন প্রয়োজন। আর স্থায়ী পাঁচ সদস্যের যে কেউ ভেটো দিলে প্রস্তাব আটকে যাবে। ফলে আইনি বাধ্যবাধকতার পাশাপাশি পরিষদের রাজনৈতিক অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এ ছাড়া এই মামলায় সরাসরি কারও গ্রেফতার বা কারাদণ্ডের বিষয় নেই। কারণ, এটি রাষ্ট্রের দায় নির্ধারণের মামলা, ব্যক্তির ফৌজদারি বিচারের মামলা নয়। আইসিজে ব্যক্তির ফৌজদারি বিচার করে না। ব্যক্তিগত দায়ের প্রশ্নটি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) এখতিয়ারে পড়ে।

এমন পরিস্থিতিতে করণীয় হিসেবে কূটনৈতিক মহল বলছে, গাম্বিয়াকে মিয়ানমারের রায় বাস্তবায়নের অগ্রগতি নথিভুক্ত করে নিরাপত্তা পরিষদে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোকে সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব, কূটনৈতিক চাপ এবং প্রত্যাবাসনের শর্তে অনড় থাকতে হবে। রোহিঙ্গাদের নিজ পরিচয়ে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।

শরণার্থী ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, ‘এটার ফল দেখতে গেলে হয়তো সময় লাগবে, কিন্তু এটা তো আন্তর্জাতিক আইনের আওতাতেই হয়েছে। সেই অর্থে এটা একটা অবশ্যই গুরুত্ব বহন করে এবং আমরা যদি বলি ন্যায়বিচার—ন্যায়বিচার তো অন্তত রায়ের মাধ্যমে সেটা হয়েছে। রোহিঙ্গাদের মুখ থেকেও কিন্তু আমরা সেরকম শুনছি। আমরা যেটুকু বিভিন্ন সংবাদমাধ্যমে দেখছি বা রোহিঙ্গাদের সংগঠনগুলোর যখন বক্তব্য শুনছি, সবাই কিন্তু অন্তত আশার আলোটা তারা দেখতে পাচ্ছেন; তবে তারা বলছেন যে এটা তবে শুরু। কাজেই সেটা একটা বড় বিষয় যে রায়টা তাদের পক্ষে এসেছে, তাদের স্বীকৃতিটা মিলেছে।’

তিনি বলেন, ‘কিন্তু এখানে যে বিষয়গুলো আছে, সেটার মধ্যে কিছু কিছু আছে যেগুলো আসলে মিয়ানমার কীভাবে এটাকে চিন্তা করবে। মিয়ানমার প্রত্যাখ্যান কিন্তু করতে পারবে না, কারণ তাহলে তাদের তো বিশ্বের বিরুদ্ধে চলে যেতে হবে, জাতিসংঘের বিরুদ্ধে চলে যেতে হবে। কিন্তু সেখানে তারা কিছু কৌশল অবলম্বন করতে পারে। সেটাই হচ্ছে এখন ভাবনার বিষয় যে তারা কী কৌশল অবলম্বন করবে এবং যারা রোহিঙ্গাদের অধিকারের কথা বলছেন তারা কী কৌশল অবলম্বন করবেন—এটা ভালো অর্থেই কৌশল আমাদের চিন্তা করতে হবে।’

তার মতে, বিষয়টি নিয়ে সমাধানের পথে এগোতে হলে আরাকান আর্মি এটিকে কীভাবে দেখছে, সেটিও বিবেচনায় নিতে হবে। কারণ, এখানে দেখা যাচ্ছে, আরাকান আর্মি ও মিয়ানমার রাষ্ট্র পরস্পরের প্রতিপক্ষ হলেও উভয়ই রোহিঙ্গাদের বিরোধী অবস্থানে রয়েছে। কাজেই শুধু মিয়ানমার সরকার বা রাষ্ট্রকে বিবেচনায় নিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না।

সাবেক একজন কূটনীতিক এ প্রসঙ্গে জানান, মিয়ানমার রায় মানতে চাইবে না। এখানে কূটনৈতিক দর-কষাকষির বিষয় রয়েছে। বাংলাদেশকে শক্ত অবস্থান নিতে হবে। আইসিজের রায়ের ফলে বাংলাদেশ এখন একটি শক্ত অবস্থানে আছে। ফলে এই সুযোগ কাজে লাগাতে হবে। নিরাপত্তা পরিষদে গেলে বিষয়টি আরও সময়সাপেক্ষ হবে। তবে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে। কারণ, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে মিয়ানমারের শুধু বাণিজ্যিক নয়, সামরিক সম্পর্কও রয়েছে।

প্রধান বাধা নিরাপত্তা পরিষদে ভেটো

নিরাপত্তা পরিষদের সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা নিয়ে বরাবরই জাতিসংঘের সমালোচনা হয়ে আসছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো দেওয়ার ক্ষমতাকে সমালোচকরা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বাধা হিসেবে দেখেন। অন্যদিকে সমর্থকরা যুক্তি দেন, সংঘাত রোধ এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য এটি প্রয়োজনীয় একটি হাতিয়ার।

ভেটো ব্যবহারের বিরুদ্ধে যুক্তিগুলোতে প্রায়ই এমন পরিস্থিতির কথা বলা হয়, যেখানে মানবিক সংকটে পদক্ষেপ নেওয়া আটকে গেছে। ভেটো প্রয়োগকারী রাষ্ট্র সংঘাতের একটি পক্ষ হলে জবাবদিহি বাধাগ্রস্ত হয়। সমালোচকরা প্রায়ই ভেটো ক্ষমতার সংস্কারের আহ্বান জানান। যেমন—গণহত্যার মতো পরিস্থিতিতে ভেটো ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ বা সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বাড়ানো।

সাবেক ওই কূটনীতিক এ প্রসঙ্গে বলেন, ‘সদস্য রাষ্ট্র না চাইলে জাতিসংঘের কিছু করার ক্ষমতা নেই। বিশেষ করে যে পাঁচটি স্থায়ী সদস্য আছে, তাদের ভেটো দেওয়ার ক্ষমতা আছে। তাদের কারণে অনেক কিছুই করতে পারে না জাতিসংঘ।’

মিয়ানমার কী বলছে

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ‘অন্যায্য’ ও ‘অন্যায়’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, “আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগতও নয়।”

তিনি জানান, রায়টি পর্যালোচনা বা ভালোভাবে বোঝার জন্য সরকারের সময় প্রয়োজন। তাঁর দাবি, ১৫ জন বিচারকের সবাই এই রায়ের সঙ্গে একমত হননি। ৯ জন এই সিদ্ধান্তের পক্ষে সম্মতি দিয়েছেন, আর ৬ জন দ্বিমত পোষণ করেছেন। সুতরাং এটি কোনও সর্বসম্মত সিদ্ধান্ত নয়।

একই সংবাদ সম্মেলনে মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের প্রসঙ্গ টেনে বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা আগেও বলেছেন, আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।

এ ছাড়া মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়া নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। তার ভাষায়, আফ্রিকার ওই দেশটির সঙ্গে মিয়ানমারের কোনও সম্পর্কই ছিল না।

পরে শুক্রবার রাতে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রায়কে ‘বড় হতাশাজনক’ বলে আখ্যা দেয়। বিবৃতিতে বলা হয়, গাম্বিয়া এবং শুনানিতে উল্লেখ করা প্রতিবেদনগুলো সামরিক বাহিনীর পদক্ষেপকে সঠিকভাবে তুলে ধরেনি।

মিয়ানমারের দাবি, ২০১৬-২০১৮ সালে উত্তর রাখাইনে চালানো সন্ত্রাসবিরোধী অভিযান গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়নি। বরং তা ছিল সীমিত পরিসর ও সময়ের, মাত্র কয়েক দিনের, এবং ব্যাপক সন্ত্রাসী হামলার সরাসরি জবাবে নেওয়া হয়েছিল।

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় এক ডজন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর তারা কেবল বিদ্রোহী গোষ্ঠী দমনে ওই পদক্ষেপ নিয়েছিল। তবে আইসিজের রায়ে এই ‘বিদ্রোহ দমন অভিযানের’ যুক্তি খারিজ করে দেওয়া হয়েছে।

প্রত্যাবাসন প্রসঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরিস্থিতি অনুকূল হলে তখনই বাংলাদেশে থাকা বাস্তুচ্যুতদের যাচাই ও প্রত্যাবাসন করা হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দেশটি।