নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। জরিমানার অর্থ আদায় হলে তার ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়। এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে ডিলার নিয়োগের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল দিতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে প্রত্যেক শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।
বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সারাদেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করা হয়। পুরোনো ও ব্যবহার অনুপযোগী খাদ্যগুদাম সরেজমিনে পরিদর্শন করে সেগুলো বাতিল এবং প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করছে মন্ত্রণালয়।
বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।
ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করা প্রয়োজন। প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন তিনি।
কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশনা দেন তিনি। কৃষক ও ভোক্তাদের অধিকার এবং ন্যায্য স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে কমিটির সদস্য খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।