বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে শেরে বাংলা নগরে নতুন সচিবালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হলে তিনি ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দেন।

পরিকল্পনা অনুযায়ী, শেরে বাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নির্মাণ করা হবে নতুন সচিবালয়। তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নিয়ে গড়ে উঠবে এ কমপ্লেক্স।

এতে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা এবং ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য রাখা হবে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিতে গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরকে চিঠি দেওয়া হয়েছে।