তামাকমুক্ত তারুণ্য গড়তে তরুণ প্রজন্মকে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, তরুণদের তামাক থেকে দূরে রাখতে শুধু মৌখিক বক্তব্য নয়, বরং তাদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ইয়ুথ ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত ‘তামাকের ক্ষতি থেকে তরুণদের সুরক্ষা: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা, আইডিয়া জেনারেশন ও স্টার্টআপ ফান্ডিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। স্কুল বা কলেজের শিক্ষার্থীদের ভালো উদ্ভাবনী ধারণা থাকলে সরকারি অর্থায়নে তা বাস্তবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। সুস্বাস্থ্য, সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের সঙ্গে তামাকমুক্ত জীবনযাপন সরাসরি জড়িত, এ কথা জানিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে তামাকমুক্ত তারুণ্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিনি স্পষ্টভাবে চান তারুণ্য যেন কোনোভাবেই তামাকের সংস্পর্শে না আসে।
সহশিক্ষা ও সৃজনশীল চর্চার প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাব, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি এবং রোভার স্কাউট কার্যক্রমকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। সারা বছর আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কিরাত তেলাওয়াত, চিত্রাঙ্কন, সংগীত ও সংস্কৃতি চর্চার মতো ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ব্যস্ত রাখা এবং প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথাও জানান তিনি।
তামাকবিরোধী লড়াইয়ে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বাল্যবিবাহ, এসিড সন্ত্রাস বা শিশুশ্রম প্রতিরোধে যেমন সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে, তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে বাঁচাতেও ঠিক তেমন সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যান্টি-টোব্যাকো উইমেন এমপিস ফোরামের ভাইস-চেয়ারপার্সন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।