দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই এবং তৈরি পোশাক খাতসহ দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশ নিয়ে বিদেশি উন্নয়ন সহযোগীদের মধ্যে কোনও উদ্বেগ দেখা যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি ইউরোপ ও জার্মানি সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক, একাত্তরের অমীমাংসিত ইস্যু, গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং আসামিসহ পলাতকদের প্রত্যর্পণ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ব্রিফিংয়ের শুরুতে সাম্প্রতিক জার্মানি সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ১৯৭২ সাল থেকে জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বহুমাত্রিক সম্পর্ক আরও বেগবান হয়েছে। সফরকালে জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় ও সংসদ সদস্যদের পাশাপাশি অ্যামরেফ এবং ব্র্যাক ইউরোপ আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৈচিত্র্যকরণ, নিয়মিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি), জ্বালানি সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ ছাড়া জার্মানির কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ভকেশনাল ট্রেনিং সেন্টারে সহায়তা ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বৈধ অভিবাসন (লিগ্যাল মাইগ্রেশন) বাড়ানোর বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং শিগগিরই জার্মানি থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তৈরি পোশাক খাতের ক্রয়াদেশ বাতিল ও রাজনৈতিক অস্থিতিশীলতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি শ্রমিকদের যে আন্দোলন হয়েছিল সরকার তা তাৎক্ষণিকভাবে সমাধান করেছে এবং মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম আয়ের বিষয়ে পদক্ষেপ নিয়েছে। তবে শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে পতিত স্বৈরাচারী সরকার ও তাদের দোসরেরা শিল্প খাত ও গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মহল, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরা বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নেওয়া বিগত ১৭ বছরের বিনা ভোটের সরকারই এখন বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল হামলার মতো সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তবে এসব কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না এবং গত ১৭ বছরে গুম, খুন, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসকারীদের জনগণের কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হতে হবে।