শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১৮:৫৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:০৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা এখন গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়ায় বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই তাকে দেশে আনা হবে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে বায়ুবিদ্যুৎ (উইন্ড এনার্জি) কীভাবে কাজে লাগানো যায় এবং এ খাতে বিদেশি দক্ষতা ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বন্দর-সংশ্লিষ্ট টার্মিনাল প্রকল্প, পানি শোধন এবং বিনিয়োগের সম্ভাবনাসহ নানা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অংশীদাররা আগ্রহ প্রকাশ করেছেন।

প্রত্যর্পণ চুক্তি ও শেখ হাসিনা প্রসঙ্গ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিষয়ে ঢাকার অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত পরিষ্কার এবং বুঝতে কোনও অসুবিধা নেই। ভ্রমণের ক্ষেত্রে দুটি ধারা রয়েছে— একটি সাধারণ বা বেসামরিক যাত্রীদের জন্য এবং অন্যটি অপরাধীদের জন্য। শেখ হাসিনা অপরাধী শ্রেণির অন্তর্ভুক্ত হওয়ায় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে।

ভারতের কাছে পাঠানো অনুরোধপত্রের জবাব মিলেছে কি না— প্রশ্নে তিনি জানান, বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে এবং বর্তমানে জবাবের অপেক্ষায় প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, ভারতে শুধু শেখ হাসিনাই নন, দেশ থেকে লুটপাট ও মানুষ হত্যা করে পালিয়ে যাওয়া আরও অনেক আওয়ামী সন্ত্রাসী এবং হাদির খুনিরাও অবস্থান করছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশ এই সব সন্ত্রাসীর হস্তান্তর চায়।

তিনি বলেন, ভিয়েনা কনভেনশন বা অন্যান্য আইনি বিষয়ে ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলে লাভ নেই। শেখ হাসিনা এখন গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়ায় বিমানে করে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই তাকে দেশে আনা হবে। বাংলাদেশে তার এবং তার লুটেরা পরিবার ও দলের আর কোনও স্থান নেই; দেশের মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘অবাঞ্ছিত মেহমান’ ও ভারতের বিড়ম্বনা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার সম্ভাব্য আগমনকে ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করায় প্রতিমন্ত্রী বলেন, মুখপাত্র এই শব্দ ব্যবহার করে মূলত প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চেয়েছেন। তবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত আনার পথ এখনও খোলা রয়েছে।

তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা একজন ‘সাইকোপ্যাথ’, যিনি দুই হাজার মানুষ হত্যা করেও কোনও অনুশোচনাবোধ করেন না। তার কোনও রাজনীতি অবশিষ্ট নেই।

প্রতিমন্ত্রীর ভাষায়, এমন একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিয়ে ভারতও এখন তার পাগলামি ও অকারণ বিড়ম্বনার চ্যালেঞ্জ অনুভব করছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, বাড়িতে কোনও মেহমানকে দাওয়াত দেওয়ার পর তিনি যদি অদ্ভুত আচরণ ও উল্টাপাল্টা কথা বলতে থাকেন এবং নিজেও না বোঝেন যে তিনি অবাঞ্ছিত, তখন তাকে বেরও করা যায় না আবার সহ্যও করতে হয়– শেখ হাসিনাও এখন তাদের সম্পর্কের জন্য তেমনই এক বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন।

মার্কিন শুল্ক নীতি ও পোশাক খাত

মার্কিন বাণিজ্য দফতরের (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য চাপ তৈরি করছে কি না– জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শুল্ক চুক্তিগুলো ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা ও বাণিজ্য নীতির অন্যতম প্রধান অংশ। তবে বিষয়টি শুধু বাংলাদেশকেন্দ্রিক নয়, বরং একটি সার্বজনীন নীতি হিসেবে অনেক দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

তিনি জানান, যেসব বিষয় বাংলাদেশ অযৌক্তিক মনে করছে, সেগুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় গণশুনানিতে বাংলাদেশ নিজের যুক্তি তুলে ধরবে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে পোশাক তৈরি করে বাংলাদেশ আবার যুক্তরাষ্ট্রেই রফতানি করে; তাই টেক্সটাইল খাতে শুল্ক ছাড়ের বিষয়ে দর-কষাকষি করার সুযোগ রয়েছে।

পশ্চিমবঙ্গের মন্ত্রীদের বক্তব্য ও ভুয়া খবর প্রসঙ্গ

পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুঁশিয়ারি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতেই কিছু ‘পাগল’ থাকে। তবে বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং জাতীয় সরকার পর্যায়েই আনুষ্ঠানিক ও গুরুতর আলোচনা হয়ে থাকে। ফলে এ ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

অন্যদিকে, নড়াইলে সংখ্যালঘুদের ওপর হামলার কথিত ঘটনা নিয়ে ভারতের মুখপাত্রের উদ্বেগ ও তদন্ত দাবির প্রসঙ্গে একজন সাংবাদিক প্রশ্ন করলে প্রতিমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি ভুয়া খবর (ফেক নিউজ) হওয়া সত্ত্বেও তা নিয়ে প্রশ্ন তোলায় তিনি সাংবাদিকতার মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং ভুয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন বা শিরোনাম তৈরির প্রবণতার সমালোচনা করেন।

সবশেষে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া ও নবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যেই ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন এবং ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত স্বচ্ছ ও উন্মুক্ত অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সব তথ্য গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না, দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে: হেফাজত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন সিঙ্গাপুরের সিডিএ
ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক
সর্বশেষ খবর
খোলা বাজারে ১৩০ টাকা ছাড়ালো ডলার
খোলা বাজারে ১৩০ টাকা ছাড়ালো ডলার
‘বাফুফে আমার কাছে কিছু পাবে না, যা পাবে তার চেয়ে বেশি দিয়েছি’
‘বাফুফে আমার কাছে কিছু পাবে না, যা পাবে তার চেয়ে বেশি দিয়েছি’
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং
রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত