আবুলের দু’পায়ে সফল অপারেশন


অপারেশন টেবিলে যাওয়ার আগে আবুল বাজানদার

দুই হাতের পর আজ (শনিবার) ট্রিম্যানখ্যাত আবুল বাজানদারের দুই পায়েরও সফল অপারেশন হয়েছে। দুই হাতের ড্রেসিংও করা হয় এদিন। আবুল বাজানদারের দুই পায়ে গজিয়ে ওঠা অতিরিক্ত অংশের প্রায় ৯০ ভাগ ফেলে দেওয়া হয়েছে। দুপুর সোয়া একটা থেকে বেলা তিনটা পর্যন্ত দুই পায়ের এ অপারেশন সম্পন্ন হয়।

আবুল ভালো আছেন জানালেন বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘তাকে রক্ত দেওয়া হয়েছে,অপারেশন অনেক ভালো হয়েছে। আমরা দুই পায়ের প্রায় ৯০ ভাগ অতিরিক্ত মাংসপিন্ড রিমুভ করতে সক্ষম হয়েছি।’

আরও পড়ুন:  কাজী সালাহউদ্দীন তৃতীয়বারের মতো বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন

আবুলের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরাই তার দুই পায়ের অপারেশন করেন বলে জানান ডা. তানভীর আহমেদ। এ অপারেশন গত শনিবারে হওয়ার কথা থাকলেও আবুলের শারীরিক অবস্থা খারাপ থাকায় গত সপ্তাহে তা হয়নি।

আবুলের সঙ্গে থাকা স্বজন কাজী বাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অপারেশনের পর তিনি সবার সঙ্গে কথা বলেছেন।অপারেশনের প্রস্তুতি হিসেবে শুক্রবার রাত থেকেই আবুল বাজানদারের দুই পা ওষুধ আর পানিতে ভিজিয়ে ব্যান্ডেজ করে মুড়িয়ে রাখা হয়েছিল, যেন গজিয়ে ওঠা শক্ত মাংসপিন্ড নরম থাকে।’

আরও পড়ুন: হত্যাটাঙ্গাইলে দোকান থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিরল রোগ ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত বাংলাদেশের আবুল বাজানদার বিশ্বের তৃতীয় রোগী। গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডান হাতের পাঁচ আঙ্গুলে প্রথম অপারেশন করে জটমুক্ত করা হয়েছে। বাম হাতে অপারেশন হয়েছে গত ১৯ মার্চ। ১২ এপ্রিল ডান হাতে আবারও অপারেশন করা হয়। এ পর্যন্ত তার ডান হাতে ৯ বার এবং বাম হাতে ৫ বার ড্রেসিং হয়েছে।

এদিকে, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম জানিয়েছেন, ‘আবুল বাজানদারের চিকিৎসায় এক বছর বা যতদিন লাগে  পুরোটা সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’

বৃক্ষ মানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার। গত ৩০ জানুয়ারি খুলনার আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন এবং তার চিকিৎসায় বর্তমানে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড  কাজ করছে।

জেএ /এপিএইচ/