নাশকতার ২ মামলা:

খালেদাসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

খালেদা জিয়ারাজধানীর দারুস সালাম থানার নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে  আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দণ্ডবিধির মামলায় দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুর রহমান ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। দুই মামলায়ই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়। এছাড়া দণ্ডবিধির মামলায় সাক্ষী করা হয়েছে ১৩ জনকে ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাক্ষী করা হয়েছে ১২ জনকে।
এ দুই মামলায় আমান উল্লাহ আমান ও কামাল হোসেন ছাড়া বাকি সবাইকে পলাতক দেখানো হয়েছে। এ দুজন আগে থেকে জামিনে রয়েছেন।

আরও পড়ুন: ‘উই আর নিজামী’

খালেদা ছাড়া এ মামলায় অন্য আসামিরা হলেন,আমানউল্লাহ আমান, মীর সরাফত আলী সফু, সৈয়দা আফিয়া আক্তার পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন খান, মো.মাকসুদ, মো. ফারুখ, দোলেয়ার হোসেন, মনি হোসেন, মো. মনা, মো, বাবু, আব্দুর রহিম, মাহবুব হোসেন, কামাল হোসেন, রাব্বী সাফায়ত রাব্বী, এইচ এম ইমরান, শ্যামল আহমেদ, তপু দেওয়ান, আব্দুল জব্বার এবং সরোয়ার আলমসহ দুই অভিযোগপত্রে মোট ৫১ জন।

আদালত সূত্রে জানা যায়, একটি মামলায় আসামি করা হয়েছে ২৪ জন ও অন্যটিতে ২৭ জন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি হযরত আলী কলা মার্কেটের বিপরীতে আনন্দ সুপার নামক একটি যাত্রীবাহী মিনিবাসে আসামিরা আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় এসআই মনির হোসেন বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ , ২৫(ঘ) ধারায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে বাবুল এসএসসি’র ফল জানা হলো না বাবুলের

অপর মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৩ মার্চ বিএনপি নেত্রীর নির্দেশে আমান, সফু, সোহেল, পাপিয়া, টুকুদের ইন্ধনে ২০ দলের সমর্থিত কর্মসূচি হিসেবে গাবতলীর গ্রেট ওয়ালের মাঠে পার্কিংয়ে থাকা অবস্থায় একটি মিনিবাসে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় ওই থানার এসআই শাহ আলম বাদী হয়ে দণ্ডবিধির ৪৫৩ / ৩০৭/১০৯ ও ৩৪ ধারায় ২০ জনসহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, দণ্ডবিধির মামলা আগামী ১ জুন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আগামী ৩১ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

তিনি আরোও জানান, বুধবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে উপস্থাপন করা হলে তিনি অভিযোগপত্র দুটিতে স্বাক্ষর করেন।

এসআইটি/ এপিএইচ/