ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বাণিজ্যিক মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উপাচার্যের বরাবরে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্র জোট। রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে একই দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপাচার্যের কার্যালয়ের সামনে গেলে কার্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়। তখন গেটের সামনেই সমাবেশ করেন আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে কার্যালয়ের গেট খুলে দিয়ে উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।
আরও পড়ুন:
এসময় উপাচার্য কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা বলেন, ইউজিসি’র ২০ বছর মেয়াদী কৌশলপত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় দিন দিন বাড়ছে। গত বছর অভ্যন্তরীণ আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১ কোটি টাকা। এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি টাকা। আর এই অভ্যন্তরীণ আয়ের উৎস মূলত ফি-বৃদ্ধি, ডাইনিং-ক্যান্টিনে ভর্তুকি কমানো, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, খেলার মাঠ, ঐতিহাসিক স্থাপনা ভাড়া দেওয়া। আর এই ব্যবসার উদ্দেশ্যেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বাণিজ্যিক মাস্টার্স কোর্স খোলা হচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা।
আরও পড়ুন:
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি লিটন নন্দী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী প্রমুখ।
এসআর/ এপিএইচ/