স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে নার্স-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

নার্সদের আন্দোলনরাজধানীর ধানমণ্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে আন্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অনন্ত ৫০ জন।
জানা গেছে, পুলিশ সেখান থেকে বেকার নার্সদের সরিয়ে দিতে নির্বিচারে লাঠিচার্জ ও জলকামান থেকে গরম পানি ছোড়ে। আহতদের ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেইন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে না পেয়ে হতাশাগ্রস্ত নার্সরা ধানমণ্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে গেলে পুলিশ তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ বেঁধে যায়। অন্যদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রথম পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে সংঘর্ষ বেঁধে যায় বলে পুলিশের দাবি। তাছাড়া পুলিশ কোনও লাঠিচার্জ কিংবা জলকামানের গরম পানি ব্যবহার করেনি বলে দাবি করেছেন ধানমণ্ডি থানার ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন। আন্দোলনকারীদের ইটের আঘাতে ১০-১২ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।
সম্প্রতি দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে নার্সদের অনশন ভাঙান স্বাস্থ্যমন্ত্রীপিএসসির মাধ্যমে না করে আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। এক পর্যায়ে তারা অনশন শুরু করলে গত ১ মে দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরপর তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন। কিন্তু দাবি পূরণের কোনও আলামত না পেয়ে তারা আবারও আন্দোলন শুরু করেন।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেইন আরও জানান, রাত ৮টার দিকে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় অর্ধশত নার্স আহত হন।
আরও পড়ুন: তনুর বাবার উকিল নোটিশের জবাব দিলেন চিকিৎসকরা

জেইউ/এজে