সম্পদ বিবরণী জমা দিতে ফালু দম্পতিকে নোটিশ

মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুবেসরকারি টেলিভিশন এনটিভি’র চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকালে ফালু ও তার স্ত্রীর নামে নোটিশ পাঠিয়েছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে জানান, ‘মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি অনুসন্ধান রিপোর্ট জমা দেওয়ার পর দুদকের নিয়মানুযায়ী সম্পদ বিবরনী চেয়ে নোটিশ জারি করেছেন দুদকের আরেক উপ-পরিচালক মলয় কুমার সাহা।’ 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০১৫-২০১৬ অর্থবছর পর্যন্ত মোসাদ্দেক আলী ফালুর ১৭৭ কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকার বেশি পাওয়া গেছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে দুদক বরাবর এ সম্পদ বিবরণী জমা দিতে নোটিশে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা চাইলে প্রয়োজনে আরও ৭দিন সময় নিতে পারবেন আবেদন করে। এরপরও সম্পদ বিবরণী দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে দুদক।

/জেইউ/এমএনএইচ/