অল্পের জন্য জানে রক্ষা!

আহত মনিরঅল্পের জন্য মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মনির হোসেন (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। রবিবার রাতে রিকশায় করে বাড়ি ফেরার পথে একটি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার বর্ণনা দিয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি রিকশা দিয়ে কাঁচপুর থেকে বাসায় ফেরার পথে হঠাৎই রিকশার একটি চাকা খুলে যায়। এতে আমি ছিটকে রাস্তার ওপর পড়ে যাই। এসময় দেখি দ্রুত গতির একটি ট্রাক আমার দিকে আসছে। আমি দ্রুত গড়িয়ে সরে যাওয়ার চেষ্টা করি। তারপরও ট্রাক আমার বাম পায়ের পাতার উপর দিয়ে চলে যায়। এতে পাতা কাটা পড়লেও আমি প্রাণে বেঁচে যায়।’
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বন্ধু আমিনুল ইসলামকে ফোন করি। সে এসে রাত দশটায় আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত শিক্ষার্থী মনির হোসেনের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার সাদানগর গ্রামের জামাল উদ্দীনের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপনগরের তারাবো এলাকায় থাকেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

/এআইবি/এমও/