ঢাকা লিট ফেস্ট-২০১৬

আমেরিকা এক্সেপশনাল: নোমোর

ঢাকা লিট ফেস্টের প্রথম দিনে ১৭ নভেম্বর সোয়া দুইটায় মূল মঞ্চে (আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন) আমেরিকা এক্সেপশনাল: নোমোর শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় লেখক-সাংবাদিক শ্রীরাম কারি-র সঞ্চালনায় সে আলোচনায় অংশ নেন মার্কিন কবি জেফরি ইয়াং, মার্কিন সাংবাদিক বেন জুডাহ, ভারতীয় সাংবাদিক বারখা দত্ত, আরবি সাহিত্যের অন্যতম কিউরেটর মার্সিয়া লিঙ্ক্সক্যালি এবং বাংলাদেশের রাজনীতিবিদ সাংসদ কাজী নাবিল আহমেদ। তাদের মধ্যে বেন জুডাহ এবং বারখা দত্ত দুজনই লিট ফেস্টে যোগ দেওয়ার আগে,সম্প্রতি হয়ে যাওয়া মার্কিন নির্বাচন কাভার করে এসেছেন।

আমেরিকা এক্সেপশনাল: নোমোর

শ্রীরামের সঞ্চালনায় এই আলোচনায় মূলত উঠে এসেছে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পেছনের কারণগুলো এবং এর ফলাফল হিসেবে বিশ্বে আমেরিকার অনন্য অবস্থান কতটুকু অটুট থাকবে, সেই বিষয়গুলো। জেফরি ইয়াং ট্রাম্পের জয়ের পেছনে হোয়াইট পপুলার ভোট কাজ করেছে বলে উল্লেখ করেন। তার পেছনের কারণ হিসেবে বেনজুডাহ মূলত জোর দেন অভিবাসী ইস্যুর উপর। গত দশকগুলোতে আমেরিকায় অভিবাসীদের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায়, এমনকি আমেরিকার নৃতাত্ত্বিক অনুপাতই অনেকখানি বদলে গেছে। এই পরিবর্তন প্রভাব ফেলেছে মার্কিন চাকরির বাজারেই। আর সেটাই নাকি ট্রাম্পের জয়ে বেশ সাহায্য করেছে। পাশাপাশি প্রচলিত ব্যবস্থার প্রতি মার্কিন নাগরিকদের অনাস্থা ও ট্রাম্পের পক্ষে গেছে। বিশেষত যেহেতু হিলারি ছিলেন সেই ব্যবস্থার একজন প্রতিনিধি, এবং ট্রাম্প একেবারেই রাজনীতির বাইরের একজন। তার বক্তব্যকে সমর্থন করেন মার্সিয়া এবং বার্খাও। কাজী নাবিল আহমেদ এর পেছনে আমেরিকার ইতিহাসের প্রভাবের কথা বলেন।

ট্রাম্পের জয়ে আমেরিকা অনন্য থাকবে কিনা, তাই নিয়ে আলোচনায় বেশ চমকপ্রদ কিছু তথ্য উঠে আসে। আমেরিকার এই অনন্যতার কারণ হিসেবে মার্সিয়া বর্ণনা করেন অভিবাসী ইস্যুতে আমেরিকার উদারনীতিকে। তবে ট্রাম্পের জয়ে এতে খুব বেশি প্রভাব পরবেনা বলে তিনি মনে করেন। কারণ হিসেবে তিনি আমেরিকার প্রযুক্তি গত উৎকর্ষ ও সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন। বেনজুডাহ তাকে সমর্থন করে বলেন, এই নির্বাচন আসলে উদারনীতির পরাজয় নয়। বরং মানুষ এটাকে নিয়ে ছিল তাদের অনাস্থা প্রকাশের হাতিয়ার হিসেবে। বিপরীতে বারখা এবং শ্রীরাম অবশ্য অতটা নিশ্চিত হতে পারেননি। তারা উল্টো প্রশ্ন তোলেন, বিশ্ব জুড়ে ডানপন্থী রাজনীতি যে প্রবল হয়ে উঠছে, এটা তারই একটা মাইলফলক কিনা।

ট্রাম্পের জয়ের প্রভাবের কথা আলোচনা করতে গিয়ে বেন জুডাহ বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হবে তার ব্যক্তিত্ব। আর বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে পরিবেশ ইস্যু।

/এনএ/