শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকায় বাসবাসকারী ভাণ্ডারিয়াবাসীর উদ্যোগে শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে এই মানববন্ধন হয়। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা সেখানে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম খানকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তা কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এটা অসভ্য ও বর্বর লোকদের কাজ। এমন একটি নির্মম হত্যাকাণ্ডের পর ৫ দিন হয়ে গেলেও আজ পর্যন্ত এজাহারভুক্ত কোনও আসামি গ্রেফতার না হওয়ার ঘটনা দুঃখজনক। এ অবস্থা চলতে থাকলে আরও অনেক মুক্তিযোদ্ধাকে সালাম খানের পরিণতি বরণ করতে হতে পারে। তাই ভাণ্ডারিয়ার মুক্তিযোদ্ধারা আতঙ্কিত। আগামী সাতদিনের মধ্যে যদি মুক্তিযোদ্ধা শিক্ষক সালাম খানের খুনিদেরকে গ্রেফতার করা না হয় তবে তার সহযোগী দেশের শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধারা, তার হাজার হাজার ছাত্র, সহকর্মী শিক্ষকসহ ভাণ্ডারিয়ার সর্বস্তরের মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।’
ফনি ভূষন সমাদ্দারে পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান হাওলাদার ও ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খশরু জমাদ্দার। আরও বক্তব্য রাখেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান খান, জাতীয় পার্টি জেপির যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল, ঝালকাঠি জেলা শিক্ষক নেতা আবুল বাসার তালুকদার, ভিটাবাড়িয়া বন্ধু পরিষদের সভাপতি আব্দুল মান্নান হওলাদার, কর্মসূচির আয়োজক সাবেক ছাত্র নেতা তানভীর সিকদার, ভাণ্ডারিয়া ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আতিকুজ্জামান জাহিদ, আব্দুর রহিম হিমেল, সাইফুল ইসলাম জুয়েল, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্র দল নেতা সাইফুল ইসলাম বাপ্পি, জিয়াউল হাসান মামুন মল্লিক।
মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কর্মসূচি ঘোষণা করেন ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিক মান্নান। এর মধ্যে রয়েছে, আগামী ২০ নভেম্বর রবিবার ভাণ্ডারিয়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও প্রতিবাদ সভা, আগামী ২১ নভেম্বর সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভাণ্ডারিয়া বন্দরের সব দোকান বন্ধ করে ব্যবসায়ীদের নিরব প্রতিবাদ।
সাত দিনের মধ্যে সব খুনিকে গ্রেফতার করা না হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিচার চেয়ে স্মারকলিপি দেওয়া হবে। আব্দুস সালাম খানের পরিবার ও ঘটনার সাক্ষীদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা ও নিহতের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়।
আরও পড়ুন-
গ্রাহক ভোগান্তি লাঘবে মোবাইল ফোনের ‘প্যাকেজ’ কমানোর পরিকল্পনা
/এফএস/