বাংলা ট্রিবিউনের প্রতিবেদন আমলে নিলেন আদালত

সাঁওতালদের ঘরে পুলিশের আগুন দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ


হাইকোর্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমি নিয়ে বিরোধে সাঁওতালদের ঘরে পুলিশের আগুন দেওয়ার বিষয়টি তদন্তে ওই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলা ট্রিবিউনে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বুধবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন।
একই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের আগুন লাগানোর ছবি ক্লকওয়াইজ
তিনি জানান, সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়াসহ তাদের উচ্ছেদ, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিসহ দুটি রিটের ওপরে আজ বুধবার পূর্ব নির্ধারিত শুনানির সময় বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনের ব্যাপারে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সাঁওতালদের ঘরবাড়িতে প্রথম আগুন দিয়েছিল পুলিশ! (ভিডিও) শিরোনামের প্রতিবেদনটি দেখে এ আগুন দেওয়ার ঘটনার ব্যাপারে তদন্তের জন্য গাইবান্ধা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকল এলাকার জমিকে ঘিরে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ২১ নভেম্বর বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোটে রিট দায়ের করা হয়েছে। একই ঘটনায় পৃথক আরেকটি রিট দায়ের করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

 

/ইউআই/টিএন/