সরছে রাজধানীর আরও একটি কবরস্থান

১২০ বছরের পুরনো মাদবর বাড়ী কবরস্থানসড়ক প্রশস্ত করার জন্য রাজধানীর আরও একটি ব্যক্তিগত কবরস্থান সরানো হচ্ছে। এটি পড়েছে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে। রূপনগর প্রধান সড়কের ওপর থাকা ১২০ বছরের পুরনো কবরস্থানটির নাম ‘মাদবর বাড়ী কবরস্থান’।

মাদবর বাড়ী কবরস্থান প্রতিষ্ঠাতার বংশধরদের সঙ্গে সমঝোতার পর মঙ্গলবার এটাকে স্থানান্তরের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই স্থানান্তর কার্যক্রম শেষ হবে রবিবারের মধ্যে। আট মাস আগে একই প্রক্রিয়ায় উত্তরা মডেল টাউনের শাহজালাল অ্যাভিনিউতে সরকার পরিবারের পারিবারিক কবরস্থান স্থানান্তর করা হয়।

মাদবর বাড়ী কবরস্থান স্থানান্তরের ফলে রূপনগর প্রধান সড়কটি দিয়ে যান চলাচলে আরও স্বাচ্ছন্দ আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে ২.৩৩ কাঠা জমির ওপর মাদবর বাড়ি পারিবারিক কবরস্থানটি প্রতিষ্ঠিত হয় প্রায় ১২০ বছর আগে ১৮৯৬ সালে। পরবর্তীতে ওই কবরস্থানের আশপাশে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা হয়। তখন কবরস্থানটি পড়ে রূপনগর প্রধান সড়কের ওপর। এ কারণে শিয়ালবাড়িতে রূপনগর সড়কটি সংকীর্ণ হয়ে পড়ে এবং এতে প্রতিদিনই সেখানে যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে কবরস্থানটি স্থানান্তরের দাবি জানিয়ে আসছিল।

Gravyard1জানা গেছে, সম্প্রতি ডিএনসিসির উদ্যোগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরীর মধ্যস্থতায় কবরস্থানের প্রতিষ্ঠাতা মো. সৈয়দ আলী মাদবরের বংশধরদের সঙ্গে আলাপ-আলোচনা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী শিয়ালবাড়িতে বর্তমান কবরস্থানের পরিবর্তে মিরপুরে অবস্থিত সিটি কর্পোরেশনের কবরস্থানে সমপরিমাণ জায়গা মো. সৈয়দ আলী মাদবরের বংশধরদের জন্য নির্ধারণ করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, সমঝোতার পরপরই মঙ্গলবার ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে কবরস্থান স্থানান্তর শুরু হয়। দায়িত্বশীল কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে স্থানান্তর কার্যক্রম তদারক করেন। কর্মকর্তারা জানান, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে কবরস্থান স্থানান্তরের কাজ সম্পন্ন হবে। এর ফলে সংলগ্ন রাস্তা প্রায় ২৫ ফুট প্রশস্ত করা সম্ভব হবে। ডিএনসিসির মেগা প্রজেক্টের আওতায় শিগগিরই সড়কের প্রশস্তকরণের কাজ শুরু হবে।

প্রসঙ্গত, গত ১০ মে উত্তরা মডেল টাউনের চার নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউতে থাকা ‘সরকার পরিবারের পারিবারিক কবরস্থান’ স্থানান্তর করা হয়। এখানে কবর ছিল ২২টি। এগুলো উত্তরার চার নম্বর সেক্টরে ৯ নম্বর সড়কের পাশে সিটি করপোরেশনের কবরস্থানে এবং শাহজালাল অ্যাভিনিউর পাশে সরকার পরিবারের নতুন পারিবারিক কবরস্থানে স্থানান্তর করা হয়। এর আগে কালশী সড়কের ওপর আরেকটি করবস্থান সরানো হয়।

এ সংক্রান্ত আগের খবর:

সড়কের জন্য কবর স্থানান্তর!

/ওএফ/টিএন/