রাজধানীতে প্রতিদিন বাড়ছে শব্দ দূষণের মাত্রা: পবা

পবার সংবাদ সম্মেলনমানুষের অসচেতনতা ও অবহেলা শব্দ দূষণের জন্য দায়ী। আইন প্রয়োগের দুর্বলতা ও জনসচেতনতার অভাবে শব্দ দূষণ আজ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান থাকলেও সেগুলোর কোনও প্রয়োগ না থাকায় রাজধানীতে শব্দ দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা)এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) কলাবাগানের পবা মিলনায়তনে ‘ঢাকা মহানগরীতে শব্দ দূষণ বর্তমান চিত্র ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন পবা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান।
সংবাদ সম্মেলনে আবদুস সোবহান বলেন, ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণ ২০০৬ বিধিমালার আওতায় নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক বা শিল্প এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনও এলাকায় শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম করতে পারবে না। কিন্তু আইন ও বিধি-বিধান থাকলেও সেগুলোর প্রয়োগ না থাকায় রাজধানীতে শব্দ দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’
রাজধানীর শব্দ দূষণ নিয়ে পবা’র প্রতিবেদনে বলা হয়, পরিবেশ বাঁচাও আন্দোলন ২০১৭ সালের জানুয়ারি মাসে ঢাকা মহানগরীর ৪৫টি স্থানে শব্দের মাত্রা পরিমাপ করে। নীরব এলাকায় দিবাকালীন, আবাসিক এলাকায় দিবাকালীন ও রাত্রিকালীন, মিশ্র এলাকায় দিবাকালীন ও রাত্রিকালীন এবং বাণিজ্যিক এলাকায় দিবাকালীন সময়ে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। এছাড়া বাসের ভিতর, সামনে ও পিছনে শব্দের মাত্রা পরিমাপ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নীরব এলাকায় দিনের বেলা শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দেড় থেকে দুই গুণ, আবাসিক এলাকায় দিনের বেলা শব্দের মাত্রা দেড় গুণ ও রাতে শব্দের মাত্রা দেড় থেকে প্রায় দুই গুণ, মিশ্র এলাকায় দিনে শব্দের মাত্রা দেড় গুণ ও রাতে শব্দের মাত্রা দেড় থেকে দুই গুণেরও বেশি। এছাড়া বাণিজ্যিক এলাকায় দিনে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দেড় গুণ বেশি।
নীরব এলাকায় দিনের বেলা শব্দের মাত্রা সবচেয়ে বেশি ইডেন মহিলা কলেজের সামনে, ১০৪.৪ ডেসিবল। মিশ্র এলাকায় দিনে শব্দের মাত্রা সবচেয়ে বেশি পল্টনে ১০৫.৫ ডেসিবল। আর রাতে শব্দের মাত্রা সবচেয়ে বেশি কলাবাগানে ১০৬.৪ ডেসিবল। অন্যদিকে বাণিজ্যিক এলাকায় দিনে শব্দের মাত্রা সবচেয়ে বেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, ১০৮.৯ ডেসিবল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পবা’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, সহ-সম্পাদক স্থপতি শাহীন আজিজ, সদস্য ক্যামেলিয়া চৌধুরী, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসানাত, বিসিএইচআরডি’র সভাপতি মাহবুবুল হক, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আবদুল ওয়াহেদ প্রমুখ।

আরও পড়ুন-

যাদের নাম প্রস্তাব করেছে আ.লীগ ও বিএনপি

ইসি গঠনে ২০ জনের শর্ট লিস্ট সার্চ কমিটির

/সিএ/এএআর/আপ-টিআর