রাজধানীর চাঁদনী চকে হকার খুন

চাঁদনী চক মার্কেটরাজধানীর নিউমার্কেট থানার চাঁদনী চকের ফুটপাতে কসমেটিক ব্যবসায়ীর ছুরিকাঘাতে খোকন মোল্লা (৩০) নামে এক হকার নিহত হয়েছেন। এ সময় বাবুল ব্যাপারী (৩৮) নামে আরও একজন আহত হয়েছেন। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বুধবার বেলা ৩ টার দিকে চাঁদনী চকের সামনে হকারদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় খোকনসহ কয়েকজন আহত হন।তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টার দিকে খোকন মারা যান। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
এদিকে নিউমার্কেট থানা পুলিশ বাংলা ট্রিবিউনকে জানায়, চাঁদনি চকের সামনের ফুটপাতের দুইগ্রুপ ব্যবসায়ীর (হকার) সংঘর্ষ হয়। এসময় কয়েকজন আহত হন। তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা গেছেন বলে তারা শুনছেন।
ঘটনার পর নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানায় পুলিশ।
আহত বাবুল ব্যাপারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চাঁদনী চক মার্কেটের দ্বিতীয় তলার হোটেলে বসে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, এমন সময় সাহাবুদ্দিনসহ ৫/৬ জন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করে। তারা আমাদের আঘাত করে। এতে খোকনসহ আমি আহত হই।’
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঢামেক হাসপাতালে এসেছি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
/এআইবি/আরজে/এআরআর/  এপিএইচ/