উত্তরায় গার্মেন্টস ব্যবসার আড়ালে ফেনসিডিল বিক্রি, গ্রেফতার ২

গ্রেফতাররাজধানীর উত্তরা থেকে গার্মেন্টস ব্যবসার আড়লে ফেনসিডিল বিক্রির অপরাধে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ফেনসিডিল এবং ফেনসিডিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- আনোয়ার (৩০) ও শরিফুল (২৬)।

র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪১ নম্বর বাসার নিচ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া ফেনসিডিলের পুরাতন বোতন উদ্ধার করা হয়েছে। যেগুলো একটি বোতলের ফেনসিডিল তিনটি বোতলে ঢেলে বাজারজাত করতো।

র‌্যাব-১ উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই বাসায় অভিযান চালিয়ে আনোয়ার ও শরিফুলকে গ্রেফতার করা হয়। তারা ওই বাসাতেই গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে ভাড়া নিয়েছিল। গার্মেন্টেসের বিভিন্ন পণ্য সরবরাহ করার আড়ালে তারা মূলত ফেনসিডিলের ব্যবসা করতো।’

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আনোয়ারের বাড়ি জয়পুরহাটে। তিনি সেখান থেকে ট্রেন বা অন্য কোনও মাধ্যমে ফেনসিডিলের বড় বড় চালান ঢাকায় নিয়ে আসতেন। তিনি একেবারে ৪/৫ হাজার বোতল ফেনসিডিল নিয়ে আসতেন। গত দুই বছর ধরে তিনি উত্তরায় এ ব্যবসা চালিয়ে আসছেন। তার সহযোগী একটি বড় চক্র জয়পুরহাটে থাকে। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।

/এনএল/এসএনএইচ/