উদ্ধার হওয়া লাশের মধ্যে একজনের নাম সায়মা সুলতানা শোভা (২০)। তিনি খিলক্ষেত থানার খ-৩৬/৩ টানাপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে। তাকে পাঁচ মাস আগে খিলগাঁও তালতলা মার্কেট এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
শোভা বড় ভাই নূর হোসাইন সোহাগ বাংলা ট্রিবিউনকে জানান, বিয়ের পর থেকেই শোভা তার স্বামীকে নিয়ে আলাদা থাকার জন্য চাপ দিচ্ছিলেন। স্বামী এবং পরিবারের লোকজন তাকে আরও কিছুদিন পর আলাদা হওয়ার জন্য বোঝান। কিন্তু তিনি কিছুতেই মানছিলেন না।
কয়েকদিন আগে স্বামীর বাড়ি ছেড়ে টানাপাড়ায় বাবার বাড়িতে চলে আসেন শোভা। এদিকে মা-বাবাসহ পরিবারের কোনও সদস্যই এ সিদ্ধান্তে সায় দেননি। মঙ্গলবার দুপুরে ঘরে ফ্যানের সঙ্গে বিছানা চাদর দিয়ে তার গলায় প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।
শোভার মতো তেজগাও থানার তেজতুরি বাজার এলাকায় মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী আফরা আনিকা মৈত্রীরও (২১) গলায় ওড়না প্যাঁচানো লাশ পাওয়া গেছে ঘরে ফ্যানের সঙ্গে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ৮১ তেজতুরি বাজারের গ্রিন ক্যাসেলের বি/১ ফ্ল্যাট থেকে মঙ্গলবার বিকালে মৈত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটের মালিক আশরাফ আলীর মেয়ে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী কাঁচাবাজারের সামনে মঙ্গলবার সন্ধ্যায় বাসচাপায় তাসলিমা আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাত ৮টায় ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বাংলা ট্রিবিউনকে জানান, কুতুবখালী কাঁচাবাজারে সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। নিহতের স্বামীর নাম মো. ইমরান হোসাইন। তার গ্রামের বাড়ি বরগুনায়। বর্তমানে কদমতলী থানাধীন জুরাইন বিক্রমপুর প্লাজার পাশে থাকেন তিনি।
/এআইবি/জেএইচ/