গাজীপুরের জয়দেবপুরে রবিউল ইসলাম (৪৬) নামে এক গার্মেন্টস মালিককে গুলি করে তার কাছে থাকা ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ মে) দুপুর পৌনে ১২টার দিকে জয়দেবপুরের বোর্ড বাজারের মালেকের বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিকটিমের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিকদের বেতনের ৬৬ লাখ ৫০ হাজার টাকা তুলে প্রাইভেট কারে করে নিজের টঙ্গী টিএনটি বাজারের গার্মেন্ট কারখানা আরএন করপোরেশনের দিকে যাচ্ছিলেন রবিউল ইসলাম। জয়দেবপুরের মালেকের বাড়ি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান তার প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা প্রাইভেটকারটির গ্লাস ভেঙ্গে তাকে ৩/৪ রাউন্ড গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার গাড়ির চালক ও সঙ্গে থাকা হিসাবরক্ষণ কর্মকর্তাকেও মারধর করে দুর্বৃত্তরা।
এসআই বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীদের গুলি রবিউলের দুই হাত ও বাম উরুতে লেগেছে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে, বাংলা ট্রিবিউনের গাজীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ জানান, গার্মেন্ট ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত করতে তারা আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ পর্যবেক্ষণ করছেন।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে ৫ লাখ টাকার বেশি বহন করলে পুলিশকে জানানোর কথা। তারা পুলিশকে এটা অবহিত করেননি।’
আরও পড়ুন-
ঐশীর আপিল শুনানি শেষ, রায় যেকোনও দিন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিয়ন্ত্রণহীন: দুদক
মুসা বিন শমসেরকে শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ
জঙ্গি শামীম মহেশপুর আস্তানার খবর দেয়: মনিরুল
/এআইবি/এমএ/টিআর/